সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ-মানববন্ধন
নেত্রকোনার দুর্গাপুরে সাবেক সেনাসদস্য ও সাংবাদিক লুৎফর জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
কলমাকান্দা উপজেলার দশধার-পোগলা সড়কের ফকির বাড়ি মোড়ে এ কর্মসূচি পালিত হয়। নিহত সাংবাদিকের পরিবার ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তব্য দেন নিহত আলিফের বোন কল্পনা আক্তার, ভাই শহিদ ফকির, মা জুবেদা আক্তার। এদিকে জেলার মানববন্ধনে সাংবাদিক সংগঠনের সভাপতি সুজাদুল ইসলাম ফারাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদুল হক জনির সঞ্চালনায় বক্তব্য দেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, শ্যামলেন্দু পাল, জাহিদ হাসান সহ গণমাধ্যম কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। হত্যার পেছনে জড়িতদের খুঁজে বের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
এর আগে গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উতরাইল বাজার এলাকায় তার শ্বশুর বাড়ির পাশে সাংবাদিক লুৎফর জামান ফকির আলিফকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে মামলা করেন। মামলাটি তদন্ত করছে পুলিশ।
মামলায় এ পর্যন্ত দুজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গুরুত্বসহকারে মামলাটি তদন্ত করছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং এর মূল হোতাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান তিনি।