২২ অক্টোবর ২০২৬, ১৮:৪০

বরিশালে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন  © সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এসএস প্রি-ক্যাডেট স্কুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে সেন্টারিংয়ের কাঠ খুলতে নামেন ওই দুই শ্রমিক। এ সময় ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসের প্রভাবে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে ট্যাংকের ভেতরেই পড়ে যান তাঁরা।

খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ট্যাংকের ভেতরে গ্যাস থাকায় প্রথমে উদ্ধারকাজে সমস্যার সৃষ্টি হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে স্থানীয়দের সহায়তায় দুই শ্রমিককে উদ্ধার করা হয়।

এরপর তাঁদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানারীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বেলা পৌনে ১টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে সেপটিক ট্যাংকের ভেতরে দুই শ্রমিককে পড়ে থাকতে দেখা যায়। পরে গ্যাস অপসারণের ব্যবস্থা করে তাঁদের উদ্ধার করা হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করার সময় দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম চলছে।