ফরিদপুরে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার
ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুরে কলা রাখার ঘর থেকে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল আটক হয়েছে। পরে তা বন বিভাগের কার্যালয়ে রাখা হয়। সুবিধামতো সময়ে প্রাণীটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর গ্রামের আব্দুস শুকুর আলীর বাড়ি থেকে গন্ধগোকুলটি উদ্ধার করে বন বিভাগের সদস্যরা। বুধবার রাতে কলা রাখার ঘরে কলা খেতে এসে জালে জড়িয়ে পড়লে আটক করা হয় প্রাণীটিকে।
বন বিভাগ সূত্র জানায়, আব্দুস শুকুর আলী পেশায় কলা ব্যবসায়ী। কয়েক মাস ধরে তার কলা রাখার ঘরে ঢুকে কলা খেত গন্ধগোকুলটি। বুধবার রাতে জালে জড়িয়ে পড়ে। পরে প্রাণীটিকে আটক করে বন বিভাগে খবর দিলে তারা নিয়ে যায়।
আব্দুস শুকুর আলীর ছেলে মো. ইসমাইল আলি বলেন, ‘কয়েক মাস ধরে কলা রাখার ঘর থেকে রাতের আধারে কলা খেয়ে ফেলতো। আমরা সকালে কলার ঘরে গিয়ে দেখতাম কলা নষ্ট ও খেয়ে রেখে গেছে। এরপর ঘরের চারপাশে জাল দেওয়া হয়। সেই জালে প্রাণীটি আটকে যায়। পরে খবর দেওয়া হলে বন বিভাগের লোকজন এসে প্রাণীটি নিয়ে যান।’
ফরিদপুরের সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন বলেন, গন্ধগোকুল একটি বিপন্ন প্রজাতির প্রাণী। প্রাণীটিকে উদ্ধার করে কার্যালয়ে রাখা হয়েছে। প্রাণীটি সুস্থ আছে। সুবিধাজনক সময়ে তাকে অবমুক্ত করা হবে।