২২ অক্টোবর ২০২৬, ১৬:৩৪

রডের বদলে বাঁশ দেওয়া মানুষগুলোই সমাজের ফুটফুটে.....

গিয়াস উদ্দিন তাহেরী ও তার পোস্ট   © টিডিসি ছবি

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্ন সড়কের বেহাল দশা, মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও লোডশেডিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী বক্তা পীর গিয়াস উদ্দিন তাহেরী। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই স্ট্যাটাসে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন তাহেরী। তিনি বিগত নির্বাচনে এ আসনে সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।

স্ট্যাটাসে তাহেরী নিজ নির্বাচনী এলাকা  হবিগঞ্জ-০৪, মাধবপুর ছাতিয়াইন,গোপীনাথপুরের বেহাল দশার কথা তুলে ধরেন। তাহেরী বলেন,  ‘রতনপুর থেকে ছাতিয়াইনের রাস্তাটি যথেষ্ট বেহালদশা।’

তিনি আরও বলেন, ‘মাধবপুর চুনারুঘাটের আঞ্চলিক অনেক রাস্তা অঘলাবস্থায় মানুষের কষ্ট চরম পর্যায়ে। জন সাধারনের নিরাপত্তাহীনতা,মাদক ইয়াবার ছড়াছড়ি,দুর্নীতি,চাঁদাবাজি,লোডশেডিং বন্ধে কার্যকরী পদক্ষেপ ও জনগনের প্রয়োজনীয় চাহিদা না মিটিয়ে জনগনকে বিলাসবহুল স্বপ্ন দেখানো,রডের বদলে বাঁশ দেওয়া মানুষগুলো-ই সমাজের ফুটফুটে........’

তাহেরীর এসব মন্তব্যের বিষয়ে স্থানীয় দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি ও সাবেক যুবদল নেতা আনোয়ার হোসেন বেলাল বলেন, ‘গণতন্ত্রে সবার বাক্‌স্বাধীনতা রয়েছে। তবে হবিগঞ্জ-৪ আসনে মাদক, দুর্নীতি ও অনিয়ম সর্বোচ্চ নিয়ন্ত্রিত। এমপি সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। রাস্তাঘাট নিয়েও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। মূলত এগুলো কিছু বিগত আওয়ামী লীগ সরকারের অবহেলার ফসল।’

অন্যদিকে গিয়াস উদ্দিন তাহেরীর ঘনিষ্ঠজন ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মুফতি মোজাম্মিল হক মাসুমী বলেন, ‘মাদক, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব। তাহেরী হুজুর এই প্রতিবাদের মাধ্যমে জাহেলের ভিতরে জিহাদ ঘোষণা করেছেন। হুজুর যেমন গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, তেমনি ইসলামী চেতনা ও ওলি-আউলিয়ার আদর্শের প্রতিও শ্রদ্ধাশীল।’