ময়মনসিংহে পোশাক কারখানায় অন্তঃসত্ত্বার মৃত্যু, সহকর্মীদের বিক্ষোভ
ময়মনসিংহে ভালুকা উপজেলায় এসকিউ সেলসিয়াস লিমিটেড নামক পোশাক কারখানায় অসুস্থ হয়ে তাজমিনা (৩১) নামের ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। সহকর্মীদের অভিয়োগ অসুস্থতা সত্ত্বেও ছুটি না দেওয়ায় ওই নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে কারখানায় কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাজমিনাকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা শিল্প পুলিশের এএসআই ফেরদৌস। তিনি জানান, ওই নারী শ্রমিক কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অন্তঃসত্ত্বা তাজমিনা শারীরিক অসুস্থতার কারণে কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন। তবে কর্তৃপক্ষ ছুটি না দিয়ে তাকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা গ্রহণে বিলম্ব ও কর্তৃপক্ষের অবহেলার কারণে শেষ পর্যন্ত তার মৃত্যু হয় বলে সহকর্মীরা অভিযোগ তোলেন।
এ ঘটনার পর কারখানার অন্য শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানা প্রাঙ্গণে ও সংলগ্ন সড়কে নেমে এসে প্রতিবাদ শুরু করেন। তারা সহকর্মীর অকাল মৃত্যুর জন্য দায়ী কর্মকর্তাদের শাস্তি এবং কর্মস্থলে শ্রমিকের সুরক্ষার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানাম, সহকর্মীদের বিক্ষলোভের খবর পেয়ে ঘটনা পরিদর্শন করে কাউকে পাওয়া যায়নি। হয়তো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর তারা বিক্ষোভ স্থগিত করেছেন। ওই পোশাক শ্রমিকের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেও তিনি জানান।