২১ অক্টোবর ২০২৬, ১১:৫০

বরিশালে গ্রাম পুলিশ সদস্যরা পেলেন বাইসাইকেল ও পোশাক

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল ও পোশাক বিতরণ করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান  © সংগৃহীত

তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে গতিশীলতা বাড়াতে বরিশালের বাকেরগঞ্জে তাদের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল উপস্থিত ছিলেন। এ ছাড়া বক্তব্য দেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন এবং উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আবুল হোসেন খান বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করে নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একইভাবে বাকেরগঞ্জকে অপরাধমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছাকাছি থেকে কাজ করায় স্থানীয় অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আগাম তথ্য পাওয়ার সুযোগ তাদের রয়েছে। এসব তথ্য দ্রুত প্রশাসনকে জানানো এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। এর বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাকেরগঞ্জকে মাদকমুক্ত করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও স্থানীয় ক্লাবের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য আবুল হোসেন খান।