ঝালকাঠিতে ইজিবাইক উল্টে প্রাণ গেল শিশুর
ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ একটি ব্যাটারিচালিত ইজিবাইক সড়কের পাশে উল্টে পড়ে মো. আদিব (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা নিশাত সুলতানা (৩০) ও ইজিবাইকচালক মো. হেমায়েত তালুকদার (৪৫) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের নারিকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদিব রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাহরাইনপ্রবাসী মো. রিয়াজ বিশ্বাসের ছেলে। দুর্ঘটনায় আহত নিশাত সুলতানা নিহত শিশুর মা। ইজিবাইকচালক হেমায়েত তালুকদারের বাড়ি উপজেলার আঙ্গারিয়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইজিবাইকটি রাজাপুর থেকে দক্ষিণ তারাবুনিয়ার দিকে যাচ্ছিল। পথে নারিকেলবাড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ইজিবাইকটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে ইজিবাইকে থাকা শিশু আদিব, তার মা নিশাত সুলতানা ও চালক হেমায়েত তালুকদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিকেল ৫টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আদিবকে মৃত ঘোষণা করেন। আহত নিশাত সুলতানা ও হেমায়েত তালুকদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ পরিদর্শন করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।