২০ অক্টোবর ২০২৬, ১৪:৩২

রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী

বিমানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা  © সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টায় নগরীর ২৭০ বছরের পুরোনো রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করবেন তিনি। পরে আখচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ এবং বিএনপির জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

​প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।  

সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সড়কপথে রংপুর নগরীর শতবর্ষী রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

​রংপুরের সফর শেষে তিনি সৈয়দপুর থেকে সামরিক বিমানে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করবেন। দুপুর দেড়টায় নগরীর ২৭০ বছরের পুরানো রাজশাহী ধর্মসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। 

রাজশাহী সার্কিট হাউজে মধ্যাহ্নবিরতি শেষে দুপুর ৩টায় হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (মাদ্রাসা মাঠ) শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহী ও নাটোরের ১ হাজার ৩০০ আখচাষীর হাতে প্রনোদনা তুলে দেবেন প্রধানমন্ত্রী। পরে একই স্থানে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

​রাজশাহীর কার্যক্রম শেষ করে তিনি চট্টগ্রামে পৌঁছাবেন। সন্ধ্যায় জে এম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।