গাজীপুরে ৭৩ অসচ্ছল নারী পেলেন সেলাই মেশিন
দরিদ্র, অসচ্ছল ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গাজীপুরে সেলাই মেশিন বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ। কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ৭৩ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আয় বৃদ্ধির মাধ্যমে পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনার পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেলাই মেশিন ব্যবহারের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, চলতি বছর এ কর্মসূচির আওতায় পাঁচ শতাধিক দরিদ্র, দুস্থ ও অসহায় নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।
জেলা পরিষদের এ উদ্যোগকে নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।