ভোলায় পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ
ভোলার চরফ্যাশন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞার মধ্যে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব মাছ স্থানীয় নয়টি মাদ্রাসা ও এতিমখানাসহ গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
দক্ষিণ আইচা থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে চর কুকরি-মুকরি এলাকা থেকে মা ইলিশ পরিবহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালানো হয়। এ সময় পরিবহনের পথে ২০০ কেজি মা ইলিশ জব্দ করেন পুলিশ সদস্যরা।
পরে উপজেলা মৎস্য বিভাগের উপসহকারী কর্মকর্তা হারুন অর রশিদের উপস্থিতিতে জব্দ করা মাছ স্থানীয় নয়টি মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জব্দ করা মাছ বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টরা জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নির্ধারিত নিষেধাজ্ঞার সময়ে মাছ আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।