দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে ভিডিপি সদস্যের মৃত্যু
দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালন শেষে অসুস্থ হয়ে বাড়ি ফেরার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে এক নারী ভিডিপি সদস্যের। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এ ঘটনাটি ঘটে। মৃত পারভীন বেগম (৪৫) উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মফিজল হকের মেয়ে এবং ভিলেজ ডিফেন্স পার্টির (ভিডিপি) প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ছিলেন।
রবিবার (১৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট আবু সোলায়মান (বিভিএমএস)।
জানা গেছে, গত শনিবার কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে পূজা উপলক্ষে দায়িত্ব পালন করছিলেন পারভীন। এদিন সকাল ১১টার দিকে তিনি অসুস্থ বোধ করেন এবং বিষয়টি প্লাটুন কমান্ডারকে জানিয়ে ছুটি নিয়ে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পর তার একটানা পাতলা পায়খানা ও বমি শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলের দিকে স্বজনেরা তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রবিবার (১৮ অক্টোবর) সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট আবু সোলায়মান বলেন, পারভীন আনসার সদস্য নন, তিনি ভিডিপির সদস্য ছিলেন। পরিবারের বরাতে তিনি জানান, চিকিৎসকের দেওয়া মৃত্যু সনদে বলা হয়েছে পারভীন হার্ড অ্যাটাকে (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) মারা গেছেন। পারভীনের মৃত্যুর ঘটনায় তাঁদের বাহিনীর পক্ষ থেকে পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা।
সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেখা রাণী রায় বলেন, অসুস্থ বোধ করার পর পারভীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, এ বছর গাইবান্ধা জেলার ৬৩২টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব উৎসবস্থলে ৪ হাজার ২ জন আনসার ও ভিডিপি নারী-পুরুষ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। প্রতিটি মণ্ডপ ও মন্দিরে দুজন করে নারী আনসার ও ভিডিপি সদস্য দায়িত্বে নিয়োজিত রয়েছেন।