‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই নূরজাহান আর নেই
‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’—এমন আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শেরপুরের বৃদ্ধ সাজু শেখের (৮০) স্ত্রী নূরজাহান বেগম মারা গেছেন। রবিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। পরে বিকেল ৫টার দিকে বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়।
নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া। তিনি বলেন, ‘নূরজাহান বেগম আমার ওয়ার্ডের একজন বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন অসুস্থতার কারণে বিছানায় পড়ে ছিলেন। আজ সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।’
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ার পর থেকে শয্যাশায়ী ছিলেন নূরজাহান বেগম। অর্থাভাবে তাঁর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে অসুস্থ স্ত্রীর দেখাশোনা করতে গিয়ে নানা সংকটের মুখে পড়েন বৃদ্ধ সাজু শেখ। নিজেদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করাও তাঁদের জন্য কঠিন হয়ে উঠেছিল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সাজু শেখের একটি ভিডিও। সেখানে স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি।’ তাঁর এই অসহায় আকুতি ছড়িয়ে পড়লে আলোচনায় আসে দম্পতির মানবেতর জীবনযাপনের চিত্র। ভিডিওটি দেখে অনেকেই তাঁদের দুর্দশার কথা জানতে পারেন।
সাজু শেখ ও নূরজাহান বেগমের দাম্পত্য জীবনের বয়স প্রায় ৬৫ বছর। দীর্ঘ এই সময়ে অভাব-অনটন, অসুস্থতা ও নানা প্রতিকূলতার মধ্যেও একসঙ্গে জীবন কাটিয়েছেন তাঁরা। বয়সের ভারে নুয়ে পড়া সাজু শেখ নিজেও অসুস্থ। এর মধ্যেও শয্যাশায়ী স্ত্রীকে আগলে রেখেছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, এই দম্পতির তিন কন্যা ও তিন পুত্র সন্তান রয়েছে। তাদের সন্তানরাও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবনযাপন করছেন। সাজু শেখের ছেলে নূর ইসলাম দিনমজুরি ও ঠেলাগাড়ি চালিয়ে সাধ্যমতো মা-বাবার ভরণপোষণ করতেন। কিন্তু নিজের সংসারের ব্যয় মেটাতে হিমশিম খেতে হওয়ায় বৃদ্ধ মা-বাবার চিকিৎসা ও ভরণপোষণের সব দায়িত্ব পালন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে দম্পতির খোঁজখবর নেওয়া হয় এবং সহায়তা দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত মারা গেলেন দীর্ঘদিন ধরে শয্যাশায়ী নূরজাহান বেগম।
দীর্ঘ ৬৫ বছরের জীবনসঙ্গীকে হারিয়ে এখন একা হয়ে পড়লেন বৃদ্ধ সাজু শেখ। যে স্ত্রীকে নিয়ে কষ্টের কথা জানিয়ে খাবারের জন্য আকুতি জানিয়েছিলেন তিনি, সেই স্ত্রী আর নেই। দারিদ্র্য ও অসুস্থতার সঙ্গে লড়াই করে একসঙ্গে কাটানো তাঁদের দীর্ঘ জীবনের অবসান ঘটল নূরজাহান বেগমের মৃত্যুর মধ্য দিয়ে।