১৭ অক্টোবর ২০২৬, ২১:৫৯

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে আগুন

খুলনার ডিসি অফিসে আগুন   © সংগৃহীত

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় আইসিটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় লাগা এ আগুনে সার্ভার কক্ষে রাখা ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান। পরে দুটি স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খুলনা ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের সিনিয়র অফিসার মো. জাকির হোসেন বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার আইসিটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানো হয়।’

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন। তবে তদন্ত ছাড়া আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়। কক্ষটিতে থাকা কম্পিউটার, এসি ও অন্যান্য সরঞ্জামের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, ‘আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। ওই কক্ষে বিভিন্ন উপজেলার আইসিটি বিভাগের সার্ভার রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’

তিনি আরও জানান, তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত তথ্য জানা যাবে।