এবার ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লেগেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২২ মিনিটে কারখানার ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৪টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বিকেল ৪টা ৩৪ মিনিটে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অগ্নিকাণ্ডের পর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে কারখানাটির কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ওই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ফ্যাক্টরি ইনচার্জ) মোহাম্মদ আবু সাঈদের সই করা এক নোটিশে কার্যক্রম বন্ধের তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে কবে নাগাদ কার্যক্রম আবার শুরু হবে, সে বিষয়ে নোটিশে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
এর আগে বুধবার সকাল সোয়া ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানাটিতে আগুন লাগে। প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিভিন্ন ফায়ার স্টেশনের আরও ইউনিট যোগ দেয়। মোট ২১টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ১১টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণের কাজ চালিয়ে যায়। রাত ১১টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।