কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, আহত ৬
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ এখনো চলছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্ট’ নামের রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রিসোর্টটি কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সকাল ৭টা ২৩ মিনিটের দিকে রিসোর্টটিতে আগুন লাগার খবর পান তারা। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে জানিয়ে উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, এখন পর্যন্ত ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
রিসোর্টটিতে অবস্থানকারী দুই ব্যক্তির বরাত দিয়ে ইউএনও জানান, আগুন লাগার সময় তারা হাঁটতে বাইরে বের হয়েছিলেন। এ কারণে তারা প্রাণে বেঁচে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, তারা ঘটনাস্থলে রয়েছেন এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করছেন। এ কারণে অগ্নিকাণ্ডের বিষয়ে এখনই সব তথ্য নিশ্চিত করা যাচ্ছে না। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে পান্না আক্তার বলেন, ‘গতকাল রাতে ওই রিসোর্টে ২০ জনের মতো ছিল বলে আমরা তথ্য পাচ্ছি। এর মধ্যে দুইজন চেকআউট করে চলে গিয়েছিলেন। ফলে ১৮ জনের মতো ছিল বলে আমরা তথ্য পাচ্ছি।’
রিসোর্টটিতে প্রকৃতপক্ষে কতজন অবস্থান করছিলেন এবং তাদের পরিচয় কী, তা জানতে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান তিনি।