১৭ অক্টোবর ২০২৬, ১৩:৩৪

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ

উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুন  © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ নামের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত ব্যক্তিরা পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে, দুর্ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে কাঠের তৈরি রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিরা হলেন ঢাকার বনশ্রী এলাকার ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।

এ ঘটনায় আহত ছয়জন হলেন মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সবুক্তগীন মাহমুদ সোহেল বলেন, আহতদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজন পড়ে গিয়ে আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টটি কাঠ দিয়ে তৈরি। সেখানে মোট কক্ষ ছিল নয়টি। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিনটি কক্ষের পর্যটকেরা চেকআউট করে চলে যান। বাকি ছয়টি কক্ষে অবস্থান করছিলেন ১৬ জন পর্যটক। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন সকালে বিভিন্ন কাজে বাইরে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ডের সময় রিসোর্টে অবস্থানরত পর্যটকদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়। অন্যদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর সকাল ৮টার দিকে তিনটি ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল। পরে বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানোর কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা। আগুন নেভানোর পরও ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলে।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রিসোর্টের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থল থেকে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। তবে ঘটনার সময় হতাহতের সংখ্যা ও ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে পুলিশের কাছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য ছিল না বলে জানান তিনি।