১৬ অক্টোবর ২০২৬, ১৫:১০
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করলে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে পতাকা বৈঠকের পর তাঁদের হস্তান্তর করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, পুলিশের এএসপি মো. শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন মুঠোফোনে সমকালকে বলেন, আটক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ানকে হস্তান্তর করা হয়েছে। তাঁরা দুজনই সুস্থ আছেন।
ওসি জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দুটি সিএনজিচালিত অটোরিকশায় থানার পাঁচ কনস্টেবল ও একজন এএসআই টহল দিতে বের হন। এ সময় আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। তাঁকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান ভুলবশত সীমান্ত অতিক্রম করেন।
একপর্যায়ে সীমান্তে অবস্থানরত কয়েকজন ভারতীয় নাগরিক তাঁকে আটক করেন। পরে টহল দলের প্রধান এএসআই ইমরান হোসেন তাঁকে ছাড়িয়ে আনতে গেলে তাঁকেও আটক করা হয়।
ওসি আরও জানান, পরে সেখানে উপস্থিত বিএসএফ সদস্যদের ডেকে এনে দুই পুলিশ সদস্যকে তাঁদের কাছে তুলে দেওয়া হয়। টহল দলের বাকি চার সদস্য নিরাপদ দূরত্বে সরে গিয়ে পুলিশ ও বিজিবিকে বিষয়টি জানান। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনা হয়।
সর্বশেষ সংবাদ