মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
রাজধানীর মোহাম্মদপুরে বাসার পাশের ফার্মেসি থেকে ওষুধ কিনতে বেরিয়ে নিখোঁজ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কৃত বিভাগের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চন্দ্রিমা হাউজিং এলাকার বাসা থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তাঁর স্ত্রী চিকিৎসক কল্পনা হালদার মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁর সন্ধানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নীল রঙের হাফশার্ট ও চকলেট রঙের প্যান্ট পরে বাসার পাশের একটি ফার্মেসিতে ওষুধ কিনতে যান দুলাল কান্তি ভৌমিক। ফার্মেসিটি বাসার কাছাকাছি হওয়ায় তিনি সঙ্গে মুঠোফোন নেননি। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের সদস্যদের দাবি, দুলাল কান্তি ভৌমিক এলাকার সঙ্গে পরিচিত। তাঁর কোনো শত্রু রয়েছে বলেও তাঁদের জানা নেই। তাঁকে অপহরণ করা হয়ে থাকলে মুক্তিপণ দাবি আসতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। তবে এখন পর্যন্ত পরিবারের কাছে এ ধরনের কোনো দাবি আসেনি।
নিখোঁজ অধ্যাপকের ফুফাতো ভাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশীষ তালুকদার জানান, বাসার পাশের ফার্মেসিতে ওষুধ কিনতে বের হওয়ার পর থেকে দুলাল ভৌমিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন রয়েছেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, নিখোঁজ অধ্যাপকের সন্ধানে পুলিশের একাধিক দল কাজ করছে। তাঁর অবস্থান শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য নেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।