প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে দুজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, তারা প্রেমিক-প্রেমিকা ছিলেন।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অয়ন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। অপর নিহত মিথিলা খাতুন চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে অয়ন ও মিথিলা একটি মোটরসাইকেলে করে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। পথে কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অয়ন হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, মিথিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, নিহত দুজন প্রেমিক-প্রেমিকা ছিলেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। তাদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।