কাল সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা
রাঙামাটির সাজেকে তিন দফা দাবিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৬টা থেকে ফের সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। দাবি পূরণে প্রশাসনের ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে এ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠন দুটি।
বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
বিবৃতিতে বলা হয়, সাজেকের স্থানীয়দের তিন দফা দাবি পূরণ এবং জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন দাবিগুলো পূরণে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে দেওয়া শর্ত ও প্রতিশ্রুতিও ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠন দুটি।
এ অবস্থায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পুনরায় সড়ক অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
এর আগে গত রবিবার সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেয় সংগঠন দুটি। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। তবে দাবি পূরণ না হওয়ায় আবারও অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, নতুন করে ঘোষিত অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে জরুরি সেবার যানবাহন। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মরদেহবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যান এবং সংবাদপত্র বহনকারী যান চলাচলে বাধা দেওয়া হবে না। পাশাপাশি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের গাড়িও অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে সংগঠন দুটি।