বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলের ওপর প্রতিপক্ষের লোকজনের হামলার ঘটনায় প্রবাস ফেরত ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাবাও। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রোয়াইল বাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত বাবা এনামুল হক (৪৫) এবং ছেলে আবির হোসেন (২০) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত ৮টার দিকে ছেলে আবিরের মৃত্যু হয় এবং হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাবা এনামুল হকও।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে এনামুলের সাথে চাচাতো ভাই বকুল মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে বকুল মিয়ার লোকজন দেশীয় অস্ত্রাদি নিয়ে এনামুলের বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় এনামুল ও গত এক সপ্তাহ আগে সৌদি আরব ফেরত ছেলে আবির গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবিরের মৃত্যু হয়। এছাড়া তার বাবা এনামুলের অবস্থাও সংকটাপন্ন বলে জানান স্বজনরা।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।