মহেশপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক পাঁচটি ঘটনায় নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিষপানের পর দুজনের মৃত্যু, একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার এবং পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) ও মঙ্গলবার (১৩ অক্টোবর) এসব ঘটনা ঘটে। একের পর এক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত ব্যক্তিরা হলেন মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের গৃহবধূ শিমু খাতুন (৩৫), পীরগাছা গ্রামের কৃষক আব্দুস সামাদ (৫৭), কাজিরবেড় ইউনিয়নের ঝিকটিপোতা গ্রামের চটপটি বিক্রেতা ইনসান হোসেন রাজা এবং নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা খলিফা পাড়ার চার বছর বয়সী শিশু রক্সি। এ ছাড়া যাদবপুর গ্রামের চার বছর বয়সী নাহিয়ান ও তার তিন বছর বয়সী ফুপাতো বোন হুমাইরা খাতুন পানিতে ডুবে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিষপানের পর অসুস্থ হয়ে পড়েন শিমু খাতুন। প্রথমে তাঁকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী সময়ে ৮ অক্টোবর তাঁকে আবার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১২ অক্টোবর) সকালে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, সোমবার সকালে পীরগাছা গ্রামের কৃষক আব্দুস সামাদ নিজের কৃষিজমিতে গিয়ে বিষপান করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে বাড়িতে ফিরে তিনি বিষয়টি স্ত্রীকে জানান। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ছাড়া কাজিরবেড় ইউনিয়নের ঝিকটিপোতা গ্রামের চটপটি বিক্রেতা ইনসান হোসেন রাজার ঝুলন্ত মরদেহ বাড়ির পেছনের একটি কাঁঠালগাছ থেকে উদ্ধার করা হয়। সকালে এক প্রতিবেশী তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে নামিয়ে বাড়িতে নিয়ে যান।
সোমবার সকালে নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা খলিফা পাড়ায় বাড়ির পাশের পানিভর্তি গর্তে পড়ে মারা যায় চার বছর বয়সী শিশু রক্সি। সে ওই গ্রামের হান্নান মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মা কাজে ব্যস্ত থাকার সময় উঠানে খেলতে খেলতে সবার অজান্তে গর্তে পড়ে যায় শিশুটি। পরে খোঁজাখুঁজি করতে গিয়ে মা গর্তে তার ভাসমান দেহ দেখতে পান। শিশুটিকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে, মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের ক্যাম্পপাড়ায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা হলো ওই গ্রামের বাবু মিয়ার ছেলে নাহিয়ান (৪) ও তার ফুপাতো বোন হুমাইরা খাতুন (৩)।
স্থানীয় ইউপি সদস্য রাবেয়া খাতুন জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে শিশু দুটি নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের ডোবায় তাদের ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, মৃত ব্যক্তিদের মধ্যে দুজন শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম জানান, বিষপান ও ঝুলন্ত মরদেহ উদ্ধারের পৃথক ঘটনাগুলোর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।