১২ অক্টোবর ২০২৬, ১৩:০৯

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা   © টিডিসি ফটো

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত তাঁর বাসার সামনে একদল লোক জড়ো হয়ে স্লোগান দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন জি এম কাদের ও তাঁর দলের নেতারা।

সোমবার বেলা ১১টা ৪৯ মিনিটে জাপা চেয়ারম্যানের বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য এক বার্তায় হামলার তথ্য জানান। তিনি লেখেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি আজ ১২ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ১০.৪০ মিনিটে একদল দুস্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলা করে।’

এ ঘটনায় জাতীয় পার্টির পরবর্তী করণীয় পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। 

গণমাধ্যমকে শৌর্য দীপ্ত সূর্য জানান, উত্তরা ৭ নম্বর সেক্টরে এক থেকে দেড় শ লোক এসে হামলা চালায়। তাঁরা পুলিশকে বিষয়টি জানিয়েছেন এবং পুলিশ ঘটনাস্থলে এসেছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, হামলার বিষয়টি অন্য একটি বেসরকারি টেলিভিশনে নিশ্চিত করেছেন জি এম কাদের নিজেই। তাঁর ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে ৫০ থেকে ৬০ জন যুবক তাঁর বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দেন। পরে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করেন। এ সময় ‘ভারতের দালাল’ বলেও স্লোগান দেওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে একদল লোককে জি এম কাদেরের বাসা লক্ষ্য করে ইট নিক্ষেপ করতে দেখা যায়। ভিডিওতে তাঁদের ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ও ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে শোনা যায়। তাঁদের হাতে থাকা ব্যানারে জি এম কাদেরের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগ তোলা হয় এবং তাঁর গ্রেপ্তারের দাবি জানানো হয়।

ভিডিওতে হামলাকারীদের ‘বৈষম্যবিরোধী সাধারণ জনগণ’ লেখা ব্যানার বহন করতেও দেখা যায়। তবে হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় জাতীয় পার্টির পক্ষ থেকে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে, তা জানানো হয়নি।