১২ অক্টোবর ২০২৬, ১১:৫০

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ

মাতৃহারা শিশুর পাশে ইউএনও   © টিডিসি ছবি

মায়ের মৃত্যুর পর দুধ ও লালন-পালন নিয়ে অনিশ্চয়তায় পড়া ২৭ দিনের এক নবজাতকের পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। শিশুটির প্রয়োজনের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে জানার পর তিনি নগদ ১০ হাজার টাকা, দুধ, কাপড়, মশারি, বিছানাসহ প্রয়োজনীয় শিশুসামগ্রী দিয়েছেন। তাঁর এই মানবিক উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে শোকাহত পরিবারটিতে।

রবিবার (১১ অক্টোবর) সকালে স্বপ্না বিশ্বাসের মৃত্যুর পর মায়ের স্নেহবঞ্চিত নবজাতকটির খাবার ও লালন-পালন নিয়ে উদ্বেগ দেখা দেয়। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাকলাশ গ্রামের শিশুটির প্রয়োজনের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি ইউএনও রেজওয়ানা নাহিদের নজরে এলে তিনি শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

শিশুটির জন্য কাপড়, মশারি, বিছানা, দুধসহ প্রয়োজনীয় সামগ্রী এবং নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ‘মাতৃহারা এই শিশুটির বিষয়টি জানতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এত ছোট একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় খাবার, পরিচর্যা ও নিরাপদ পরিবেশ অত্যন্ত জরুরি। শিশুটির প্রয়োজন বিবেচনায় সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, শিশুটির ভবিষ্যৎ যেন অনিশ্চয়তার মধ্যে না পড়ে, সে জন্য পরিবারের সদস্যদের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসা প্রয়োজন। সম্মিলিত সহযোগিতা ও মানবিক উদ্যোগের মাধ্যমে শিশুটির যত্ন ও লালন-পালন নিশ্চিত করা সম্ভব।

মায়ের মৃত্যুর পর নবজাতকটির খাবার ও পরিচর্যার ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তায় ছিল পরিবারটি। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের এই সহায়তা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে। শিশুটির সুস্থভাবে বেড়ে ওঠা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।