নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আদায়ের অভিযোগ
শেরপুরে নিখোঁজের একদিন পর মহিবুল ইসলাম (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শেরপুর কৃষি ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর মেস থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এদিন দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।
উদ্ধার হওয়া মহিবুল ইসলাম জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সে কলেজশিক্ষক শাহীনুর ইসলামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার স্কুলে না গিয়ে বাসায় ছিল মহিবুল। বিকেল ৪টার দিকে তাকে বাড়িতে রেখে বাইরে যান তার মা ইফফাত আরা মুন। পরে বাড়িতে ফিরে ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত গভীর হলেও তার সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানান পরিবারের সদস্যরা।
এদিকে, মহিবুলকে অপহরণ করা হয়েছে দাবি করে পরিবারের সদস্যদের ফোন দিয়ে টাকা দাবি করে একটি চক্র। ছেলের নিরাপত্তার কথা চিন্তা করে প্রাথমিকভাবে ওই চক্রের দেওয়া নম্বরে ২৪ হাজার টাকা পাঠান তার বাবা শাহীনুর ইসলাম।
ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সদর থানা পুলিশ। একপর্যায়ে রবিবার দুপুর আড়াইটার দিকে শেরপুর কৃষি ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর মেস থেকে মহিবুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, কয়েক দিন আগে মহিবুল নবম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার আশঙ্কায় ভয়ে সে নিজেই আত্মগোপনে ছিল। তবে অপহরণের কথা বলে টাকা দাবি করার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।