অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
অনিবার্য কারণবশত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের জন্য পর্যটকবাহী যানবাহন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ অক্টোবর রবিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে সাময়িকভাবে পর্যটকবাহী যানবাহন প্রবেশ বন্ধ থাকবে।
এ ছাড়া বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ির জেলা প্রশাসক, রাঙামাটি ও খাগড়াছড়ির পুলিশ সুপার, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে।