১০ অক্টোবর ২০২৬, ১৩:০৭

ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে বাসচাপায় একই পরিবারের ২ জন নিহত

ঘটনাস্থলে স্থানীয়রা  © টিডিসি ফটো

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন। 

এর আগে ভোর ৬টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস ও এর হেলপারকে আটক করেছেন স্থানীয়রা।

নিহতরা হলেন, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।

স্থানীয়রা জানান, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও দেখুন: জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি ও এর হেলপার মহিনউদ্দিনকে আটক করে পুলিশে দেয়।খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে।

একই পরিবারের শাশুড়ি ও পুত্রবধূর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘দুর্ঘটনার ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং এর হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’