০৯ অক্টোবর ২০২৬, ১৫:০৬

গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার

মোহনগঞ্জ থানা  © টিডিসি সম্পাদিত

নেত্রকোনার মোহনগঞ্জে গোরস্তানের পাশে একটি গাছের মগডাল থেকে এক সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার বিরামপুর উত্তরপাড়া চৌধুরীবাড়ির পেছনের গোরস্তানে একটি গাছের ডালে তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।

তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মগডালে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি পরিবারের।

নিহতের নাম কাজল মিয়া (৫৫)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাটিয়াম গ্রামের জবান আলীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। এখন ধর্মপাশার একটি সৌরবিদ্যুৎকেন্দ্রে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

কাজল মিয়ার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, আজ সকালে গোরস্তানের ওপর একটি গাছের ডালে কাজলের মরদেহ দেখতে পান স্থানীয়রা। তার গলায় দড়ি লাগানো ছিল। বিষয়টি জানাজানি হলে সেখানে লোকজন জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও দেখুন: মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্থ প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ফয়জুল আলম

কাজলের বড় ভাই বললেন, ‘গত বুধবার বেলা আড়াইটার দিকে সর্বশেষ আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল। পরে রাতে থানায় জিডি করি। আজ সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের ডালে ভাইয়ের মরদেহ দেখতে পাই।’

ওসি হাফিজুর ইসলাম হারুন জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।