ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
ফেনীতে মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন। শনিবার (০৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩৭ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনসংলগ্ন বিকন মডেল কলেজ সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত অবস্থায় ট্রাকচালক সজীব (৩০) এসআরবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মো. আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাকিয়া গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত আলমগীর হোসেন ২০২৫ সালের ৩০ এপ্রিল তৎকালীন র্যাবে যোগ দেন। চলতি বছরের ১৭ মে তিনি এসআরবি-৭ ফেনী ক্যাম্পে উপসহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।
এসআরবি ফেনী ক্যাম্প ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের মহিপাল স্টার লাইন ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় এসআরবির একটি দল চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় আলমগীর হোসেন সড়কের পাশে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের এক পাশে গিয়ে থামে।
সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এসআরবি সদস্য শরীফ বলেন, ‘চেকপোস্টে আমরা ১৫ থেকে ১৬ জন ছিলাম। স্যার সড়কের পাশেই ছিলেন। হঠাৎ দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তকে চাপা দিয়ে সড়কের এক পাশে গিয়ে থামে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এসআরবির আরেক সদস্য আবদুল জলিল বলেন, আলমগীর হোসেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি ধর্মভীরু ছিলেন। তার পাঁচ সন্তান রয়েছে এবং তাঁরা সবাই মাদ্রাসায় পড়াশোনা করেন। সহকর্মীর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুর রহমান বলেন, রাত আনুমানিক ১টার দিকে এসআরবির ওই কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার কোমর থেকে নিচের অংশ থেঁতলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসআরবি-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন, ‘চেকপোস্টে আমিও ছিলাম। আমার থেকে কিছুটা দূরে তিনি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দ্রুতগতির ট্রাকটি এসে মুহূর্তের মধ্যে তাকে চাপা দেয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। আমাদের একজন সহকর্মীর এমন মৃত্যুতে আমরা সবাই শোকাহত।’
তিনি আরও বলেন, নিহত আলমগীর হোসেনের মরদেহ ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে বাহিনীর নিয়ম অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহত এসআরবি কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক সজীব আহত অবস্থায় এসআরবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। মহাসড়কে দুর্ঘটনা হওয়ায় হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।