০২ অক্টোবর ২০২৬, ১৪:৫৩
সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর আকুয়া বাইপাসের পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাত যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনার কারণে সড়কটিতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।