৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮

নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি  © টিডিসি ফটো

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার ও দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণসহ পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কর্ণফুলী নিরাপদ উদ্যোগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ নাগরিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কলেজ বাজার ও দৌলতপুর এলাকায় ব্যস্ত মহাসড়ক পারাপারের সময় শিক্ষার্থী ও পথচারীদের প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন এলাকায় নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে কার্যকর সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।

মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে নির্ধারিত ও নিরাপদ স্থানে পথচারী পারাপারের ব্যবস্থা করা, প্রয়োজনীয় স্থানে ফুটওভারব্রিজ নির্মাণ, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও আবদুল জলিল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে প্রয়োজনীয় সময়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব নিশ্চিত করা, মহাসড়কে অটোরিকশা চলাচল আইন অনুযায়ী নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ স্থানে দৃশ্যমান ট্রাফিক সাইন ও সতর্কতামূলক চিহ্ন স্থাপন।

আরও দেখুন: টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে রাবি, সূচকেও অগ্রগতি

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব জনগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সিদরাতুল মুনতাহা, মানবসেবা সংঘের রাহাতুল ইসলাম আদি, টেকসই উন্নয়নের জন্য যুব কার্যক্রমের তানজিনা ইসলাম, আবদুর রহমান, মাউন তাহসিনা আকতার ও আনিকা।

এ ছাড়া আমাদের কর্ণফুলীর সাজ্জাদ ইভান ও লিজা মনি, ইশকে মোস্তফা (স.) তারুণ্য একতা সংঘের শাহরিয়ার ইসলাম ঈষান, ইরফানুল ইসলাম ও সাকিব খান, মো. দিদারুল ইসলাম, মামুনুর রশিদ মাহির ও জাবেদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।