৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০

কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়

সোনাগাজী মডেল থানা  © টিডিসি ফটো

ফেনীর সোনাগাজীতে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে অভিযান চালিয়ে ৩১ কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহর, কলেজ রোড, হাওয়াই রোড, তাকিয়া রোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। আটকদের পরিচয় ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করছে পুলিশ।

পুলিশ জানায়, কিশোর গ্যাং ও কিশোর অপরাধের সঙ্গে জড়িত থাকার সন্দেহে বিভিন্ন স্থানে অবস্থানরত কিশোরদের জিজ্ঞাসাবাদের জন্য ৩১ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে নিরপরাধদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, ‘কিশোর অপরাধ দমনে নিয়মিত আড্ডাস্থল হিসেবে চিহ্নিত বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। আটকদের মধ্যে ২৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ বিষয়ে কারও তদবির বা সুপারিশ গ্রহণযোগ্য নয়। কিশোর অপরাধ দমনে সোনাগাজী উপজেলাজুড়ে ধারাবাহিকভাবে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

সোনাগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ আলম ভূঁঞা বলেন, ‘সচেতনতা তৈরির জন্য পুলিশের এ উদ্যোগ প্রশংসনীয়। ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিও নির্দেশনা রয়েছে, সন্ধ্যার পর যেন তারা পড়ার টেবিল ছাড়া বাইরে আড্ডায় না থাকে। সন্ধ্যার পর যাদের বাইরে পাওয়া যাবে, প্রশাসন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না।’

তবে কলেজ রোড থেকে আটকের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সোহাগ নূর। তিনি বলেন, ‘ফেনীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সামনে রেখে বুধবারের স্বাগত মিছিলের প্রস্তুতি নিতে কয়েকজন কর্মী কলেজ রোডে জড়ো হয়েছিলেন। ওই স্থানে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে দলীয় লোকজনকে আটক করেছে। অন্যান্য স্থান থেকে আটকদের বিষয়ে আমার জানা নেই। তবে যারা কিশোর অপরাধের আশ্রয়দাতা, তাদেরও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা জরুরি।’

পুলিশ জানিয়েছে, কিশোর অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে পুলিশ।