২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩০

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের নিহত

যশোর কোতোয়ালি থানা  © টিডিসি ফাইল ছবি

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে বিল্লাল হোসেন (৩২) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি নরসিংদী জেলার একটি এমপিভুক্ত হাইস্কুলের গণিতের শিক্ষক।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে যশোর কোতোয়ালি থানার পুলেরহাট তফসিডাঙ্গা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন কেশবপুর উপজেলার ত্রিমোহনী এলাকার মির্জানগর গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে যশোরের দিকে আসছিলেন বিএড পরীক্ষায় অংশ নিতে। তফসিডাঙ্গা মাদ্রাসার সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।