২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৩

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থী অনশনে

জামালপুরে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় অনশন করছেন ৫১ জন প্রার্থী  © টিডিসি ফটো

জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় অনশন কর্মসূচি পালন করছেন ৫১ জন প্রার্থী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বারান্দায় অবস্থান নিয়ে এ অনশন কর্মসূচি পালন করছেন তারা। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রার্থীরা।

অনশনকারীরা জানান, জামালপুর জেলায় সহকারী শিক্ষক পদে ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে প্রথম ধাপে ৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। পরে দ্বিতীয় ধাপে গত সোমবার আরও একজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। 

এতে এখনো ৫১ জন প্রার্থী নিয়োগপত্র পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় তারা দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করছেন। 

চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষক তানভীর রহমান বাপ্পারাজ বলেন, ‘আমরা নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। কিন্তু অন্যরা নিয়োগপত্র পেলেও আমরা এখনো নিয়োগপত্র পাইনি। আমাদের পরিবার তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা নিজ যোগ্যতায় এতদূর এসেও আমাদের নিয়োগ দিচ্ছে আমরা চাই আজকের মধ্যে আমাদের নিয়োগ দেওয়া হোক তা নাহলে আমাদের লাশ বের হবে এখান থেকে।’

আরও পড়ুন: ​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ উপায়

মাদারগঞ্জের প্রার্থী মীর আফিফা সুলতানা বলেন, ‘চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় আমরা হতাশ। আশেপাশে সব জেলায় নিয়োগ দেওয়া সম্পূর্ণ কিন্তু আমাদের কেন নিয়োগ দেওয়া হচ্ছে না, আমরা জানিনা। যে পর্যন্ত আমাদের নিয়োগ পত্র দেওয়া হবে না, আমরা এই অফিসেই আমরণ অনশন করে যাব।’

এ বিষয়ে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী এহসান বলেন, ‘এই ৫১ জন প্রার্থীর নথি নিয়ে আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গিয়ে কাজ করছি। বিষয়টি নিয়ে অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে একটি ফলাফল আসবে।’