গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের প্রধান গ্রেপ্তার
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম সদস্য ও ‘বিশু গ্যাং’-এর প্রধান হিসেবে পরিচিত বিশু মন্ডলকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মুকসুদপুর থানার বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-৬ জানায়, বিশু মন্ডল মানবপাচার মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। অভিযোগ রয়েছে, তিনি ১৪ লাখ টাকার বিনিময়ে ইতালি পাঠানোর কথা বলে এক ব্যক্তির কাছ থেকে প্রথমে পাসপোর্টসহ ২ লাখ টাকা নেন। পরে বাকি ১২ লাখ টাকা নিয়ে ওই ব্যক্তিকে ইতালি পাঠানোর প্রস্তুতি নিতে বলেন। ভুক্তভোগী তার কথায় বিশ্বাস করে ২০২৩ সালের ১৫ নভেম্বর আরও ১২ লাখ টাকা দেন।
অভিযোগ অনুযায়ী, টাকা নেওয়ার পর বিশু মন্ডল ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই পাঠান। সেখান থেকে তাকে মিশর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। পরে বিশু মন্ডলের সহযোগীরা তাকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে আরও বলা হয়, লিবিয়ায় মাফিয়া চক্রটি ওই ব্যক্তিকে শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণ করে তার পরিবারের কাছে পাঠায় এবং ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে বিশু মন্ডলের সহযোগীরা ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ওই টাকা আদায় করে।
অভিযোগ রয়েছে, প্রথম দফায় টাকা পাওয়ার পর ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হলেও পরে বিশু মন্ডলের চক্রান্তে তাকে আবারও মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। এরপর আবার নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আরও ২৫ লাখ টাকা দাবি করা হয়। পরে বিশু মন্ডল ও তার সহযোগীদের মাধ্যমে ওই অর্থও দিতে বাধ্য হয় ভুক্তভোগীর পরিবার।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গোপালগঞ্জের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন ট্রাইব্যুনালে নালিশি অভিযোগ করেন। ট্রাইব্যুনালের নির্দেশে মুকসুদপুর থানায় বিশু মন্ডলসহ অন্যদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।
এসআরবি-৬ জানিয়েছে, বিশু মন্ডলের বিরুদ্ধে এর আগেও মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর বিশু মন্ডলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।