চট্টগ্রামে বয়লার বিস্ফোরণে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন
চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্পনগরীতে একটি কেমিক্যাল কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়ারলেস এলাকায় নাসির ক্যামিক্যাল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বিকট শব্দের পর কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন লাগার পরপরই কারখানা থেকে শ্রমিকরা লাপাত্তা হয়ে যান বলে অভিযোগ করেন ফায়ার সার্ভিস।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা হ্লা মারমা জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কারখানায় কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।