২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৫

ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইক  © টিডিসি

যশোরের কৃষ্ণবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। তারা দুইজনই ইজিবাইকের আরোহী ছিলেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে যশোরের দিকে আসছিল রূপসী বাংলা ট্রেনটি। এ সময় কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের সঙ্গে একটি ইজিবাইকের ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকে থাকা আজিজুর রহমান ও এরশাদ আলী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: শিক্ষকদের বদলি নিয়ে সভায় বসতে যাচ্ছে মন্ত্রণালয়

যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের এসআই মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।