পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত ও জনসচেতনতা বাড়াতে পাবনায় মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও পাবনা পৌরসভার সহযোগিতায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা দুলাল উদ্দিন, পাবনা পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান প্রমুখ।
অভিযানকালে ৮ নম্বর ওয়ার্ডের জামেয়া আশরাফিয়া মাদ্রাসা, মাসুম বাজারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি, আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। পাশাপাশি মশক নিধনে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; জনসাধারণকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল ইসলাম জানান, একইদিনে পাবনার ৯টি উপজেলার সকল পৌরসভা, ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পাবনায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।