২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৬

রাজধানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, বিদেশি নাগরিকসহ নিহত ২

প্রতীকী ছবি  © টিডিসি সম্পাদিত

রাজধানীর বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজনের একজন বাংলাদেশি। অপরজন পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের নাগরিক। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে বনানীর আমতলী মোড়ের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সিরাজ মিয়ার বাড়ির মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে মো. খালেদ সাইফুল্লাহ (৩৮) এবং সিয়েরা লিওনের নাগরিক মাইকেল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে আমতলী মোড় পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন। তারা গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান।

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত করা এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) তারেক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাইকেলের মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট দূতাবাসকে জানানোর প্রক্রিয়া চলছে।

বিদেশি নাগরিক মাইকেলের পরিচয় ও বিস্তারিত জানিয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, ‘বিদেশি নাগরিক মাইকেল মালিবাগে অবস্থিত কানাডিয়ান ট্রিলিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে চাকরি করতেন। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। শুক্রবার তিনি তার স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এবং শনিবার তার নিজ দেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু স্কুল থেকে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে করে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের পর তার মরদেহ সংরক্ষণের (ফ্রিজিং) জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।’