বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশ ইন চেষ্টা, আটক ৩ জনকে ফেরত পাঠাল বিজিবি
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় দুই নারীসহ তিনজনকে আটক করে ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বাকি ছয়জনের সন্ধান পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর সীমান্তে ২৯১/২০ এস সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, খিয়ারমামুদপুর গ্রামের বাসিন্দা ফেরদৌস আলীর বাড়িতে বৃহস্পতিবার রাতে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় সীমান্তের ২৯১/২০ এস সীমানা পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে ৯ জন নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করেন বলে তারা জানান। তাঁদের মধ্যে দুই নারীসহ তিনজন বিয়েবাড়িতে ঢুকে পড়েন। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে বিজিবিকে জানানো হয়।
খবর পেয়ে বিজিবির সদস্যরা খিয়ারমামুদপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের বাড়ি থেকে ওই তিনজনকে আটক করেন। স্থানীয়দের দাবি, এ সময় মিজানুর বাড়ি থেকে চলে যান। পরে আটক তিনজনকে ভারতে ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় খিয়ারমামুদপুর গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট ইউপি সদস্য শুকুর আলী বলেন, ভারত থেকে আসা ৯ জনের মধ্যে ছয়জন আজিজুল ইসলাম ও মিজানুর রহমানের সহযোগিতায় সেখান থেকে চলে যাওয়ার সুযোগ পান। পরে মিজানুরের বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। তাঁর দাবি, আজিজুলকে বিজিবির এক সদস্য মারধর করে ছেড়ে দেন এবং তাঁর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে আজিজুলকে মারধরের অভিযোগের বিষয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।
জয়পুরহাট ব্যাটালিয়নের (বিজিবি-২০) আওতাধীন ভাইগড় বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওরা (বিএসএফ) দুজন নারী ও একজন পুরুষকে বাংলাদেশে নিয়ে আসছিল, আমরা তাদের ব্যাক করে দিয়েছি। অনেকেই অনেক কিছুই বলবে, আমি স্পটে থেকে যা বলছি, সেটাই রাইট।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ফেরত পাঠানো ওই তিনজন বর্তমানে সীমান্তের ২৯১/২০ এস সীমানা পিলার থেকে আনুমানিক ৫০০ গজ দূরে ভারতের শ্রীরামপুর গ্রামের একটি বাড়িতে অবস্থান করছেন। তবে তাঁদের পরিচয় বা ভারতে তাঁদের অবস্থানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ২৫ জুলাই ভোরে একই সীমান্তের ২৯১/২০ এস সীমানা পিলারসংলগ্ন ভারতের শ্রীরামপুর সীমান্ত দিয়ে দেশটির গুজরাটের আমেনাবাদ এলাকা থেকে আসা ৯ নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে।