২৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:০১

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রতীকী ছবি  © সংগৃহীত

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ ও এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার শেখহাটি ও মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি গ্রামের বাবলাতলা মোড়ে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। নিহতের পরিচয় শনাক্ত না হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: চতুর্থ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি নতুন ভিসি, যোগদান করলেন অনলাইনে

অন্যদিকে সকাল সাড়ে ছয়টার দিকে মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের টুনিয়াঘরা গ্রামের আবু দাউদ নার্সারির সামনে মণিরামপুর-রাজাহাট মহাসড়কে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হন। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ওই নারীকে ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয়ও তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। মরদেহ চুকনগর হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।