২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৮

ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

কাশিমপুর থানা  © ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিজ উদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানকে (৪২) আটক করেছে পুলিশ।

নিহত রাফিজ উদ্দিন খুলনার দাকোপ উপজেলার বাঁশখালী গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আহত মুরাদ হোসেন (২৫) ও আশরাফ আলীর (২৯) ঠিকানা জানা যায়নি। তাঁরা গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে চক্রবর্তী এলাকায় একটি দোকানে বসে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফিজ উদ্দিন। এ সময় পাশের একটি দোকানের ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান কয়েকজন পথচারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাফিজ বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে গেলে আতাউর ক্ষিপ্ত হয়ে তাঁর কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফিজসহ কয়েকজনের ওপর হামলা চালান।

এ সময় রাফিজের পেটের ডান পাশে ছুরিকাঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় রাফিজসহ তিনজনকে স্থানীয় কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। পরে রাফিজের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বুধবার রাত ১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে আতাউর রহমানকে আটক করে। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের বাসিন্দা এবং চক্রবর্তী এলাকায় ভাড়া বাসায় থাকেন।

কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিক আহমেদ বলেন, ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।