বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা প্রভাষক নূর হোসেন
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আকস্মিক অসুস্থ হয়ে মারা গেছেন নাটোরের সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও প্রভাষক নূর হোসেন (৩৮)। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হরিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
নূর হোসেন স্থানীয় জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম।
তিনি জানান, স্থানীয় একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রভাষক নূর হোসেন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নূর হোসেনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।