২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২, নিখোঁজ ১

নৌকাটিতে থাকা ১৬ জন।  © টিডিসি ছবি

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে নারী ও শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নারী নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে থাকা ১৬ জনকে জীবিত উদ্ধার করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়া সমুদ্রসৈকত এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু ও একজন নারী রয়েছেন।

উদ্ধার হওয়া ১৬ জনের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তারা মিয়ানমারে কারাভোগ শেষে নৌকায় করে বাংলাদেশে ফিরছিলেন বলে জানা গেছে।

বিষয়টি মঙ্গলবার রাত ৭টার দিকে নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, ‘রাতে একটা রোহিঙ্গাবাহী ট্রলার উপকূলে এসে ডুবে যায় বলে চৌকিদার মাধ্যমে শুনেছি। দুইজন মারা গেছে পুলিশ উদ্ধার করেছে লাশ।’

বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘আজ রাতে আমরা দুইটা লাশ উদ্ধার করি। যা বাহারছড়া কচ্ছপিয়া করাচি পাড়া সমুদ্র সৈকত থেকে উদ্ধার করি। লাশ দেখে মনে হচ্ছে তারা খুব উপকূলের কাছে এসে ডুবে গেছে ট্রলার।’

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে উখিয়ার বাসিন্দা মো. কোরবান আলী বলেন, ‘আমি ও একজন বৌদ্ধ ধর্মের ছেলে এক বছর মিয়ানমার কারাভোগ শেষে দেশে আসার জন্য কোন উপায় না পেয়ে। নৌকা নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে চলে আসতে ছি। বাহারছড়া কাছাকাছি এসে আমাদের নৌকা ডুবে যায়। আমরা ১৯ জন ছিলাম। সেখানে এক শিশু ও এক মহিলা মারা গেছে আরেকজন নিখোঁজ রয়েছে। বাকি ১৬ জনদের উদ্ধার করে কোস্টগার্ড।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বাহারছড়া এলাকায় একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনায় ১৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড থানায় হস্তান্তর করেছে। এ ট্রলার ডুবিতে দুইটা লাশ আমরা উদ্ধার করছি। লাশটা ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার ১৬ জনকে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান আরাকান আর্মির সংঘাতের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসার সময় নৌকাটি ডুবে যায় বলে জানা গেছে।