ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ, আসামির বাড়িতে ভাঙচুর
ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সকালে ক্ষুব্ধ এলাকাবাসী মামলার প্রধান আসামি শরীফের বাড়িতে যান। সেখানে তারা বসতঘরের টিনের বেড়া ও চাল ভাঙচুর করেন। পরে খুলে নেওয়া টিনগুলো বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়।
এর আগে আসামিদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে ঘরের মালামালও অন্যত্র সরিয়ে রাখা হয়। ঘটনার বিচার ও পরবর্তী করণীয় ঠিক করতে রবিবার ও সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন বৈঠক করেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন শুক্রবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন—গফরগাঁওয়ের শরীফ (২৩), তার ভাই আরিফ (২১), ফাহিম (২২), রাজীব (২৩) ও এনামুল (২২)।
ঘটনার রাতেই অভিযান চালিয়ে রাজীবকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য চার আসামি পলাতক রয়েছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসে থাকেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পানি ও কুড়াল চাওয়ার অজুহাতে পাঁচজন ওই বাড়ির দরজার কাছে যান। ভুক্তভোগীর ছেলে পানি নিয়ে দরজার কাছে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এরপর ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছে টাকা দাবি করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ বলেন, প্রধান আসামির বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন নিজের হাতে তুলে না নিতে এলাকাবাসীর প্রতি অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য দিতে বলা হয়েছে।
পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।