ধানমন্ডি লেকে ভাসছিল লাশ, শনাক্ত করলেন স্ত্রী
রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি থানাধীন রোড নম্বর-১০ এলাকায় আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, খবর পেয়ে এসআই এসএম আব্দুল গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
জানা যায়, ৯৯৯ নম্বরে খবর পাওয়ার পর ধানমন্ডি লেকের পানিতে ভাসমান অবস্থায় জাভেদ আহম্মেদের মরদেহ দেখতে পায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি লেকের পাড়ে সিঁড়ির ওপর নিয়ে আসা হয়।
আরও দেখুন: আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুবির সাবেক শিক্ষার্থী গ্রেফতার
মরদেহের পকেটে থাকা আইডি কার্ড ও মোবাইল নম্বরের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহটি শনাক্ত করেন। জাভেদ আহম্মেদ বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।