বৈদ্যুতিক খুঁটিবাহী লড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রামপুর বাজার এলাকায় বিদ্যুতের খুঁটিবাহী লড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে । রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের রামপুর বাজারসংলগ্ন প্রাইম ডিজিটাল কারিগরি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবককে সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামপুর বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে কর্তব্যরত ফার্মাসিস্ট তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, বিদ্যুতের খুঁটিবাহী একটি লরির ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।
স্থানীয়ভাবে নিহতের নাম মাহফুজুর রহমান মামুন (৩২) বলে জানা গেছে। তিনি নেত্রকোণার পূর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের ফজলুর শেখের ছেলে এবং কোনো একটি ওষুধ কোম্পানির মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ‘নিহত যুবক জেলার পূর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের ফজলুর শেখের ছেলে মাহফুজুর রহমান মামুন। পরিবারের সাথে যোগাযোগের পর তারা এসে কোন অভিযোগ ছাড়াই বিনা ময়নাতদন্তে আজ সকালে মরদের নিয়ে গেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’