২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২০

ভারত সীমান্তে নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার

কিশোর শাকিল   © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নিখোঁজের এক দিন পর ভারতীয় অংশে মিলেছে ১৪ বছর বয়সী বাংলাদেশি কিশোর মো. শাকিলের মরদেহ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের লংকা মোড়া এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি শাকিলের বলে শনাক্ত করেন।

শাকিল ওই গ্রামের মালু মিয়ার ছেলে। পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে সে নিখোঁজ ছিল। পরদিন রাতে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

রবিবার (২০ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম। 

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, শাকিলের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের মধ্যে আলোচনার পর ভারতীয় পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

তিনি জানান, ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে।

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভারতীয় পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

তবে শাকিল কীভাবে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশে গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।