গোপালগঞ্জে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পঞ্চবট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কাশিয়ানী উপজেলার পঞ্চবট্টি এলাকার বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) ও জাহিদ মোল্লা (৫০)।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন ওমর মীর ও জাহিদ মোল্লা। এ সময় একটি বাস তাদের ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই জাহিদ মোল্লার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ওবায়দুল কাজী দুইজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।