চাটমোহরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে হুজাইফা রহমান (৭) ও মাহফুজ (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হুজাইফা ওই গ্রামের মজিবর রহমানের ছেলে এবং মাহফুজ রুবেল হোসেনের ছেলে। একই সঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনরা জানান, শনিবার দুপুর ৩টার দিকে আটলংকা দক্ষিণ সেনগ্রামে জনু মেম্বর নামের এক ব্যক্তির পুকুরে গোসল করতে নামে প্রতিবেশী ও সমবয়সী দুই শিশু হুজাইফা ও মাহফুজ। গোসলের একপর্যায়ে সাঁতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যায়।
দীর্ঘসময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর দুই শিশুকে পানিতে ভেসে উঠতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ‘একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি খুবই কষ্টদায়ক। অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’